Header Ads Widget

মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের নুরুন্নাহার নিম্নি


ট্রিবিউন ডেস্ক :
তৃতীয় নারী ও অষ্টম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় পৌঁছান এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার ২০১২ সালের ১৯ মে শিখরে ওঠেন। একই বছরের ২৬ মে এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া নাজরীন। দীর্ঘ ১৪ বছর পর নুরুন্নাহার নিম্নি নতুন করে বাংলাদেশের নাম যুক্ত করলেন এভারেস্ট বিজয়ের তালিকায়।

জানা গেছে, গত ১১ এপ্রিল নেপালে যান নিম্নি। এরপর কাঠমান্ডু ও লুকলা হয়ে তিনি এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান। ১৭ মে তিনি চূড়ান্ত আরোহণের জন্য বেজক্যাম্প ছাড়েন।

ধাপে ধাপে তিনি ২৩ মে ক্যাম্প-৪-এ পৌঁছান। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেদিন শিখরে পৌঁছাতে না পেরে নিচে নেমে আসতে হয়। এরপর কয়েকদিন ক্যাম্প-২-এ অবস্থান করে অনুকূল আবহাওয়ার অপেক্ষা করেন। ২৫ মে আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে এলে তিনি আবার যাত্রা শুরু করেন এবং পরে ক্যাম্প-৪-এ পৌঁছান।

সেখান থেকেই চূড়ান্ত আরোহণ শুরু করে নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। অভিযানে তার সঙ্গে ছিলেন নেপালের এইটকে এক্সপেডিশনের এক শেরপা।

বর্তমানে পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নুরুন্নাহার নিম্নি। তার এভারেস্ট অভিযানের স্পনসরও ছিল এই প্রতিষ্ঠান। রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেন।